
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আতিকুর রহমান সুজন (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার শিকলবাহা ৮ নম্বর ওয়ার্ডের চরহাজারী ময়ার বাপের বাড়ি এলাকার নিজ বাড়ির রান্নাঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, চাকরি হারিয়ে হতাশায় নিমজ্জিত হয়ে তিনি আত্মহত্যা করেছেন।
নিহত সুজন ওই এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র। তার ৪ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে স্বচ্ছলতার আশায় সুজন প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু সেখানে সফল হতে না পেরে দুই বছর আগে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি একটি পোশাক কারখানায় চাকরি নেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু দুই মাস আগে তার চাকরিটি চলে গেলে তিনি মানসিকভাবে ভেঙে পড়ে চরম হতাশায় ভুগছিলেন।
এর আগেও তিনি একবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন বলে জানিয়েছেন তার চাচাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন।
ঘটনার সময় সুজনের স্ত্রী ও সন্তান শ্বশুর বাড়িতে ছিলেন। বাড়িতে কেবল সুজন ও তার মা ছিলেন। দুপুর ১২টার দিকে মা রান্নাঘরে সুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম জানান, রান্নাঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ