
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী বলেছেন, বিএনপির চেয়ে ভালো জনসেবা ও রাষ্ট্রসেবা অন্য কোনো দল করতে পারবে না। তিনি নিজেকে স্বাধীনতার পক্ষের শক্তির অংশ দাবি করে সাধারণ মানুষকে নিরাপদে থাকতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফের শামলাপুর স্টেশনে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় ভোটের মাধ্যমে একটি ভালো সরকার গঠন করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। ভোট ছাড়া সরকার গঠিত হলে সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন বেড়ে যায় এবং ন্যায়বিচার পাওয়া কঠিন হয়ে পড়ে।
শাহাজাহান চৌধুরী প্রতিশ্রুতি দিয়ে জানান, বিএনপি ক্ষমতায় এলে মসজিদ ও মাদ্রাসার ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের চাকরি গেজেটভুক্ত করা হবে এবং সরকারিভাবে তাদের মাসিক সম্মানি ভাতার ব্যবস্থা করা হবে।
এছাড়া তিনি চাকমা ও মারমাসহ সকল সম্প্রদায়কে নিয়ে একটি সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির সমাজ ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
শিক্ষার প্রসারে তিনি টেকনাফের বাহারছড়া ও উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মধ্যবর্তী স্থানে একটি উপকূলীয় কলেজ স্থাপনের ঘোষণা দেন, যাতে স্থানীয় শিক্ষার্থীদের দূরে গিয়ে পড়াশোনা করতে না হয়। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নকে তিনি অগ্রাধিকার দেবেন বলে জানান।
একই দিন সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের বটতলী বাজারে আয়োজিত সভায় তিনি বলেন, নাফ নদীতে জেলেদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে এবং লবণ চাষিরা যেন ন্যায্যমূল্য পায় সে লক্ষ্যে সব ধরণের পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া জেলেদের সুবিধার্থে একটি আধুনিক মৎস্যবন্দর স্থাপন এবং এলাকার রাস্তাঘাটসহ অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
শাহাজাহান চৌধুরী মনে করিয়ে দেন যে, এর আগে টেকনাফে স্থলবন্দর স্থাপনের ফলে এই অঞ্চল একটি বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।
পথসভাগুলোতে জেলা বিএনপির অর্থ সম্পাদক আলহাজ মো. আব্দুল্লাহ, টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরওয়ার কামাল চৌধুরী, বর্তমান সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ