
চট্টগ্রামের মিরসরাইয়ে শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ইশরাফ শাহাদাত ইসান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে ইসান শখের বসে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগলে ইসান মাথায় গুরুতর আঘাত পায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য দ্রুত চমেক হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়। ইসান মোটরসাইকেল চালাতে জানত না বলে জানিয়েছেন তার প্রতিবেশী মো. হাসান।
নিহত ইশরাফ শাহাদাত ইসান মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাড়িয়াখালী ফকির গ্রামের হামিদ আলী সারেং বাড়ির নুর নবীর ছেলে। স্থানীয় ওয়াহিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল ইসান।
বুধবার সন্ধ্যায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ওয়াহিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম ফসিউল আলম গভীর শোক প্রকাশ করে জানান, ইসান খুব ভালো এবং ভদ্র স্বভাবের শিক্ষার্থী ছিল। ইসানের বড় বোনও একই বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এমন মেধাবী পরিবারের একটি প্রাণ অকালে ঝরে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ