
চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রসহ কালা বাবুল (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কালা বাবুল উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী এলাকার মো. ইউনুসের পুত্র।
জানা গেছে, যৌথবাহিনী চাকফিরানী এলাকায় সন্ত্রাসী কালা বাবুলের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ি থেকে ১টি এলজি, ২টি কার্তুজ, ৭টি রাম দা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
অপরদিকে, একই এলাকায় সন্ত্রাসী গ্রুপ তৌহিদ বাহিনীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসী তৌহিদের পিতা চার্জশীটভূক্ত আসামি আবু তাহেরকে (৬৫) গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারদের থানায় হন্তান্তর করা হয়।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, অস্ত্রসহ গ্রেপ্তার কালা বাবুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। একইদিন গ্রেপ্তার দুই জনকে আদালতে সোপর্দ করা হবে।
পূর্বকোণ/মিনাহজ/এএইচ