
চট্টগ্রামের মিরসরাইয়ে ৭ম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর সদরে এই কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সভায় ছাত্রশিবিরের নেতারা জানান, গত ২৬ জানুয়ারি বারইয়ারহাট কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ও তার সহযোগীরা ওই ছাত্রীকে সন্ধ্যাবেলা অপহরণ করে। এরপর তাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে ভুক্তভোগী পরিবারকে মামলা না করার জন্য হুমকি দেয়। পুলিশ ইতোমধ্যে এই ঘটনার মূল আসামিকে গ্রেপ্তার করেছে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাঈনউদ্দিন রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা অভিযোগ করেন যে, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে বিএনপি ও তার অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা দেশে নারী হেনস্তা ও ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা ঘটিয়ে দেশকে অন্ধকার যুগে নিমজ্জিত করতে চায়।
সভায় কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো. ইব্রাহিম হোসেন এবং মিরসরাই ছাত্রশিবিরের সভাপতি সাকিব হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে মিরসরাইয়ে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটলে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ