
একদল লোক এখনই কী করছে আপনারা দেখতে পাচ্ছেন, এদের হাতে দেশের দায়িত্ব দিলে এই দেশের কোনো অস্তিত্বই এরা রাখবে না। এটা নিরাপদ নয়, আর আমরা সরকার গঠন করলে আল্লাহ চাইলে মহেশখালীকে সিঙ্গাপুর-হংকং বানাতে পারবো।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় কক্সবাজারের (মহেশখালী -কুতুবদিয়া) আসনের জামায়াতের মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদকে আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না । দুর্নীতি, চাঁদাবাজি নির্মূল করে অতীতে পচা যে রাজনীতি বারবার ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, সে রাজনীতি যারা দেখতে চান না, তাদেরকে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। আর যারা সন্ত্রাস-চাঁদাবাজি করে, তাদের হাতে দেশ যাবে না । মনে রাখবেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে পরোয়া করি না, অন্য কোনো ফ্যাসিস্টকে পরোয়া করার কোনো প্রশ্নই ওঠে না।’
সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার তৈরি হয়েছে দাবি করে জামায়াতের আমির বলেন, এই জোয়ার দেখে ভীতসন্ত্রস্ত হয়ে কী করবে বুঝতে পারছে না, তারা এখানে–ওখানে হামলা করছে, ক্ষমতায় যাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে।
জনগণ ইনসাফের পক্ষে দাঁড়িয়ে গেছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণের জয় হবে এবং সেই ভোট পাহারা দিয়ে ফলাফল হাতে নিয়ে ঘরে ফিরতে হবে । কোনো ভোট ডাকাতকে আর ডাকাতি করতে দেবো না, জালিয়াতকে জালিয়াতি করতে দেবো না, ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং করতে দেবো না।’
এছাড়াও একটা দল রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের অস্তিত্ব রাখবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
জনসভায় (মহেশখালী -কুতুবদিয়া) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী এএইচ এম হামিদুর রহমান আজাদের পক্ষে ভোট চেয়ে বলেন, আপনারা জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এএইচ এম হামিদুর রহমান আজাদকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করবেন এবং তাকে মন্ত্রীত্ব দেওয়ার দায়িত্ব আমাদের ।
জনসভায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী সেক্রেটারী জেনারেল মহেশখালী-কুতুবদিয়া আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এএইচ এম হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে রাশেদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা-উপজেলার অন্যরা বক্তব্য দেন।
পূর্বকোণ/পিআর