
চট্টগ্রামের পটিয়ায় আলোচিত মোহাম্মদ সোহেল (৩৬) হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মোহাম্মদ কায়েসকে (৪৫) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার কায়েসের বিরুদ্ধে পটিয়া থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
রবিবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর বাকলিয়া ও চান্দগাঁও এলাকার দায়িত্বপ্রাপ্ত মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান।
জানা গেছে, পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই মোহাম্মদ সোহেলকে ২০২২ সালের ২২ এপ্রিল ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে মোহাম্মদ কায়েসকে প্রধান আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর কায়েস গ্রেপ্তার হলেও পরবর্তীতে তিনি জামিনে মুক্ত হন। তবে মামলার কার্যক্রম চলমান থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
এ বিষয়ে বাকলিয়া থানার ডিউটি অফিসার ও এএসআই রুমা বড়ুয়া জানান, পটিয়া থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম আটক করেছে। যেহেতু মামলাটি পটিয়া থানার, তাই আসামিকে সেখানে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
পূর্বকোণ/পিআর