
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় খাবারে ইন্ডাস্ট্রিয়াল রঙের ব্যবহার করাসহ নানা অপরাধে হাজী কাচ্চি ঘর নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এছাড়া আরও দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২১ জানুয়ারি) মোহরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মাহমুদা আক্তার।
উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ, রান্নায় প্রচুর পরিমাণে নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার, রান্নারে সময় ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রঙের ব্যবহার এবং ব্যবহারের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে মজুদ করা, নষ্ট-বাসি গ্রিল ও বিভিন্ন ধরনের চিকেন ফ্রাই বিক্রির অপরাধে হাজি কাচ্চি ঘর নামে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ কেক, মেয়াদোত্তীর্ণ রসমালাই বিক্রির জন্য দোহা ফুডকে ১৫ হাজার ও অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিক্রির জন্য খাজা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ