চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রামে এস আলমের ৪৩১ শতাংশ জমি জব্দের আদেশ

অনলাইন ডেস্ক

১১ জানুয়ারি, ২০২৬ | ৩:৫৬ অপরাহ্ণ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় থাকা ৪৩১ দশমিক ৬৯ শতাংশ জমি ও এর ওপর থাকা স্থাপনা জব্দের আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১১ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এসব জমি ও স্থাপনা অবরুদ্ধের আবেদন করেন।

আবেদনে বলা হয়, অনুসন্ধানকালে দেখা যায়, মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট সত্তা এবং সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে–বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানকালে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি এবং তার পরিবারের সদস্যরা এসব স্বার্থসংশ্লিষ্ট সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।

আবেদনে আরও বলা হয়, অনুসন্ধান নিষ্পত্তির আগে এসব সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে পরবর্তীতে ওই অর্থ উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। এ কারণে সাইফুল আলম ও তার পরিবারের সদস্যসহ তার স্বার্থসংশ্লিষ্ট সত্তা এবং সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বার্থসংশ্লিষ্ট স্থাবর সম্পদসমূহ জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন।

এমতাবস্থায় সাইফুল আলম ও তার পরিবারের সদস্যসহ তার স্বার্থসংশ্লিষ্ট সত্তা এবং সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বার্থসংশ্লিষ্ট ৪৩১ দশমিক ৬৯ শতাংশ জমি ও এর ওপর থাকা স্থাপনা জরুরি ভিত্তিতে অবরুদ্ধের আদেশ প্রদান প্রয়োজন বলে উল্লেখ করা হয়। সূত্র : বাংলা ট্রিবিউন

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট