
আগামীকাল বাঙালির প্রাণের উৎসব, পহেলা বৈশাখ। নতুন বঙ্গাব্দ ১৪৩৩-এর প্রথম দিন। এটি কেবল একটি ক্যালেন্ডারের তারিখ পরিবর্তনের দিন নয়, বরং হাজার বছরের ঐতিহ্যে লালিত বাঙালির এক সাংস্কৃতিক মিলনমেলা।
হাজার বছরের এই বাঙালি ঐতিহ্য ঘিরে এবারো সারা দেশে সামাজিক ও সাংস্কৃতিক নানা আয়োজন করা হয়েছে। গ্রাম-গঞ্জে বসবে বৈশাখী মেলা, আর শহর-নগরেও থাকছে নানা উৎসবের আয়োজন।
এত সব আয়োজনের মধ্যে শঙ্কা আছে কালবৈশাখী ঝড় কিংবা বৃষ্টি নিয়ে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ সোমবার ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী ও ফরিদপুর জেলা এবং খুলনা বিভাগের ১০টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আবদুর রহমান খান পূর্বকোণকে বলেন, ‘আগামীকাল আকাশ মেঘলা থাকতে পারে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি কোথাও পড়তে পারে।’
পূর্বকোণ/পিআর