চট্টগ্রাম মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সর্বশেষ:

জ্বালানি সংকটে পড়া দেশগুলোকে নিজ দায়িত্বে তেল সংগ্রহের আহ্বান ট্রাম্পের

জ্বালানি সংকটে পড়া দেশগুলোকে নিজ দায়িত্বে তেল সংগ্রহের আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

৩১ মার্চ, ২০২৬ | ৮:১২ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার প্রভাবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানিনির্ভর দেশগুলোকে কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, তাদের এখন থেকে নিজ দায়িত্বে তেল সংগ্রহ করতে হবে।

 

 

মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, হরমুজ প্রণালী বন্ধ থাকায় যেসব দেশ—বিশেষ করে যুক্তরাজ্যের মতো দেশগুলো—জেট ফুয়েল বা বিমানের জ্বালানি সংকটে পড়েছে, অথচ ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেয়নি, তাদের এখন নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে। ট্রাম্পের মতে, “এখন সময় এসেছে নিজেদের জন্য নিজেরাই লড়াই করার। যুক্তরাষ্ট্র সবসময় সহায়তা করবে—এমন প্রত্যাশা রাখা উচিত নয়”।

 

 

প্রেসিডেন্ট ট্রাম্প সংকটে পড়া দেশগুলোর সামনে দুটি বিকল্প প্রস্তাব করেছেন: ১. দেশগুলো চাইলে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত মজুত থেকে জ্বালানি কিনতে পারে। ২. তারা নিজেরাই হরমুজ প্রণালীতে গিয়ে তেল সংগ্রহ করতে পারে, তবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র কোনো ধরনের সামরিক বা অন্য কোনো সহায়তা দেবে না।

 

 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর প্রতিক্রিয়ায় ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, যা দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ করা হয়।

 

বর্তমানে এই গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ থাকায় বিশ্বব্যাপী জ্বালানির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক অর্থনীতিতে অত্যন্ত নেতিবাচক এবং গভীর প্রভাব পড়তে পারে।

সূত্র: রয়টার্স।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন