
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ওসমান হাদীর মতো হত্যার ডাকযোগে হুমকির প্রতিবাদে টেকনাফের হ্নীলায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে বিক্ষোভ মিছিল করে হ্নীলা উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী, হ্নীলা উত্তর বিএনপির সাবেক সভাপতি আলী আহমদ, কক্সবাজার জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম অপি প্রমুখ।
এ সময় হ্নীলা উত্তর-দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্র দল, সেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তাগণ উড়ো চিঠি দিয়ে নির্বাচন বানচাল করার হীন প্রচেষ্টা কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারি দিয়ে এ ব্যাপারে আইনশৃংখলা বাহিনীর যথাযথ তৎপরতার দাবি জানান।
প্রসঙ্গত. ২৯৭ কক্সবাজার-৪ (উখিয়া টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয়া হয়। সরে না দাঁড়ালে ওসমান হাদির পরিণতি ভোগ করতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত পরিচয়ে পাঠানো চিঠিতে ‘ব্যাটালিয়ন ৭১’ নামে একটি গোষ্ঠির কথা উল্লেখ করা হয়েছে। তবে তারা কারা এ বিষয়ে তাদের কোনও পরিচয় পাওয়া যায়নি। চিঠির সাথে এক টুকরো সাদা কাফনের কাপড়ও পাঠানো হয়।
উখিয়া থানার ওসি নূর আহমদ জানিয়েছেন, হুমকির বিষয়ে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে একটা জিডির আবেদন করা হয়েছে। আবেদনটি গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
পূর্বকোণ/পারভেজ