চট্টগ্রাম শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

দেশের জার্সিতে ১ বছর: হামজা বললেন ‘জীবনের সেরা সিদ্ধান্ত’

দেশের জার্সিতে ১ বছর: হামজা বললেন ‘জীবনের সেরা সিদ্ধান্ত’

অনলাইন ডেস্ক

৩ এপ্রিল, ২০২৬ | ৭:৩৭ অপরাহ্ণ

ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির তারকা ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে পূর্ণ করলেন একটি বছর। ২৮ বছর বয়সী এই তারকা মিডফিল্ডার বাংলাদেশের হয়ে খেলার এই যাত্রাকে তার জীবনের ‘সেরা সিদ্ধান্ত’ হিসেবে অভিহিত করেছেন। সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি গত এক বছরের রোমাঞ্চকর অভিজ্ঞতার মূল্যায়ন করেন।

 

গত বছরের মার্চে অভিষেক হওয়া হামজা গত ১২ মাসে বাংলাদেশের খেলা ১০টি ম্যাচের ৯টিতেই মাঠে নেমেছেন। চোটের কারণে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ মিস করলেও বাকি সবকটি ম্যাচে তিনি পুরো ৯০ মিনিট খেলেছেন এবং ইতোমধ্যে নামের পাশে ৪টি গোল যোগ করেছেন। তার উপস্থিতিতেই গত নভেম্বরে ভারতের বিপক্ষে ২২ বছর পর ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ।

 

এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশ মূল পর্বে জায়গা না পেলেও মাঠের পারফরম্যান্সে ছিল চোখে পড়ার মতো উন্নতি। ২০০০ সালের পর এই প্রথম বাছাইপর্বে কোনো গ্রুপের তলানিতে থেকে শেষ করেনি বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮১তম অবস্থানে থাকা সত্ত্বেও ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কোনো ম্যাচেই এক গোলের বেশি ব্যবধানে হারেনি লাল-সবুজের দল। হামজা মনে করেন, দল হিসেবে তারা অনেক দূর এগিয়েছেন এবং সিঙ্গাপুরের মতো দলের মাঠে তাদের লড়াই করার মানসিকতা প্রশংসার দাবি রাখে।

 

বিদেশের মাটিতে প্রবাসী বাঙালিদের নিঃস্বার্থ ভালোবাসায় অভিভূত হামজা সমর্থকদের ‘বিশ্বের সেরা’ বলে আখ্যা দিয়েছেন। প্রথম বছরের পাঠ চুকিয়ে হামজার চোখ এখন ভবিষ্যতের দিকে। বিশেষ করে আগামী সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় এবং ২০২৭ সালের এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়াকেই এখন মূল লক্ষ্য হিসেবে দেখছেন এই তারকা ফুটবলার। 

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট