চট্টগ্রাম শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

সর্বশেষ:

দেড় কোটিরও বেশি টাকায় প্রথম বাংলাদেশি হিসেবে বার্মিংহাম ফিনিক্সে মোস্তাফিজ

দেড় কোটিরও বেশি টাকায় প্রথম বাংলাদেশি হিসেবে বার্মিংহাম ফিনিক্সে মোস্তাফিজ

অনলাইন ডেস্ক

১৩ মার্চ, ২০২৬ | ৯:২৫ অপরাহ্ণ

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস গড়লেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। এই টুর্নামেন্টে দল পেয়েছেন তিনি। প্রথম নিলামে তাকে দলে ভিড়িয়েছে বার্মিংহ্যাম ফিনিক্স।

 

ইংল্যান্ডের এই লিগে মুস্তাফিজের ভিত্তিমূল্য ছিল এক লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৬৪ লাখ টাকারও বেশি। এর আগে হান্ড্রেডে কোনো বাংলাদেশি ক্রিকেটার খেলার সুযোগ না পাওয়ায়, ফিজের হাত ধরেই এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিষেক হতে যাচ্ছে।

 

বার্মিংহ্যাম ফিনিক্সে মুস্তাফিজ সতীর্থ হিসেবে পাচ্ছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে। এই দলের সবচেয়ে দামী খেলোয়াড় ইংল্যান্ডের তরুণ ব্যাটিং অলরাউন্ডার জ্যাকব বেথেল, যাকে কেনা হয়েছে তিন লাখ ৪০ হাজার পাউন্ডে।

 

এ ছাড়া দলে আরও আছেন রেহান আহমেদ (ইংল্যান্ড), দোনোভান পেরেইরা (দক্ষিণ আফ্রিকা), মিচেল ওয়েন (অস্ট্রেলিয়া), উসমান তারিক (পাকিস্তান), সাকিব মাহমুদ (ইংল্যান্ড) ও লরি ইভানস (ইংল্যান্ড)।

 

সুযোগ পাওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুস্তাফিজ লিখেছেন, ‘দ্য হান্ড্রেডে খেলার সুযোগ পেয়ে আমি আনন্দিত। বার্মিংহ্যাম ফিনিক্সের হয়ে আসন্ন মৌসুমটি দারুণভাবে কাটানোর অপেক্ষায় আছি। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’

 

দ্য হান্ড্রেডের সপ্তম আসর শুরু হবে আগামী ২১ জুলাই এবং পর্দা নামবে ৬ আগস্ট।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন