চট্টগ্রাম সোমবার, ০২ মার্চ, ২০২৬

সর্বশেষ:

টি২০ বিশ্বকাপের সেমিতে কে কার মুখোমুখি?

টি২০ বিশ্বকাপের সেমিতে কে কার মুখোমুখি?

অনলাইন ডেস্ক

২ মার্চ, ২০২৬ | ৭:৪৯ অপরাহ্ণ

সুপার এইট পর্বের রোমাঞ্চকর লড়াই শেষে চূড়ান্ত হয়েছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ। সুপার এইটের শেষ হাইভোল্টেজ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শেষ দল হিসেবে সেমির টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক ভারত।

 

এর আগে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে ছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে নির্দিষ্ট ব্যবধানে জিততে পারলেই শেষ চারে উঠত পাকিস্তান। কিন্তু ম্যাচ জিতলেও কাঙ্ক্ষিত রানরেটের সমীকরণ মেলাতে ব্যর্থ হওয়ায় হতাশা নিয়ে আসর থেকে বিদায় নিতে হয়েছে সালমান আলী আগার দলকে। সুপার এইটের লড়াই শেষে শেষ চারের টিকিট পাওয়া চার দল হলো দক্ষিণ আফ্রিকা, ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

 

টুর্নামেন্ট শুরুর আগেই র‍্যাংকিংয়ের ভিত্তিতে সুপার এইটের গ্রুপিং নির্ধারিত হওয়া নিয়ে ক্রিকেট মহলে বেশ সমালোচনা হয়েছিল। তবে সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে দলগুলোর মাঠের পারফরম্যান্স ও ফলের ওপর ভিত্তি করেই। নিয়ম অনুযায়ী, গ্রুপ-১ এর চ্যাম্পিয়ন লড়বে গ্রুপ-২ এর রানার্সআপের বিপক্ষে। আর গ্রুপ-১ এর রানার্সআপের প্রতিপক্ষ হবে গ্রুপ-২ এর চ্যাম্পিয়ন।

 

এই সমীকরণ অনুযায়ী, প্রথম সেমিফাইনালে গ্রুপ-১ এর অপরাজিত চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে গ্রুপ-২ এর রানার্সআপ নিউজিল্যান্ড। অন্যদিকে, হাইভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ-১ এর রানার্সআপ স্বাগতিক ভারতের প্রতিপক্ষ গ্রুপ-২ এর চ্যাম্পিয়ন শক্তিশালী ইংল্যান্ড।

 

একনজরে সেমিফাইনালের চূড়ান্ত সূচি:
প্রথম সেমিফাইনাল: নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা (৪ মার্চ, সন্ধ্যা ৭:৩০ মিনিট, ইডেন গার্ডেন্স, কলকাতা)
দ্বিতীয় সেমিফাইনাল: ভারত বনাম ইংল্যান্ড (৫ মার্চ, সন্ধ্যা ৭:৩০ মিনিট, ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বাই)

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট