
শঙ্কা ছিল দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। ফলে, পরের আসরে বাংলাদেশের সরাসরি সুযোগ পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সব শঙ্কা ও অনিশ্চয়তা দূর হয়েছে।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) আইসিসি নিশ্চিত করেছে, ২০২৮ বিশ্বকাপে সরাসরি অংশ নেবে বাংলাদেশ।
আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৮ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ। কোনো বাছাইপর্ব খেলতে হবে না লাল-সবুজের প্রতিনিধিদের। বাংলাদেশের পাশাপাশি জায়গা নিশ্চিত করেছে আয়ারল্যান্ড ও আফগানিস্তান।
ভারত ও শ্রীলঙ্কায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে উত্তীর্ণ দলগুলো পরের আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। গ্রুপ ‘এ’ থেকে পাকিস্তান ও ভারত, গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে, গ্রুপ ‘সি’ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এবং গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
সুপার এইটে না উঠেও নিউজিল্যান্ড সরাসরি খেলবে। কারণ, অস্ট্রেলিয়ার সঙ্গে আগামী বিশ্বকাপের সহ-আয়োজক তারা। যে কারণে কিউইদের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া অস্ট্রেলিয়াও অবধারিতভাবেই থাকছে পরের আসরে।
২০ দলের আসরে বাকি আটটি দল আসবে আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে। এবারই প্রথম ২০ দল নিয়ে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ