চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মরে গিয়ে ভালোই করেছো ইরা…

তসলিমা নাসরিন

৩ মার্চ, ২০২৬ | ২:৫৫ অপরাহ্ণ

মরে গিয়ে তুমি ভালই করেছ ইরা,
বেঁচে থাকলে তুমি একদিন কিশোরী হতে,
বিদ্যালয় থেকে ফেরার পথে তোমাকে অপহরণ করতো পুরুষেরা,
তোমাকে সীতাকুণ্ড পাহাড়ে নিয়ে ধর্ষণ করতো আবার,
হাসতে হাসতে তোমার উলঙ্গ শরীরটিকে ধাক্কা দিয়ে ফেলতো খাদে,
তুমি মরে যেতে যেতেও মরতে না।
ভয়ে কুঁকড়ে থাকতে তুমি, রক্তে ভেসে ভেসে বাড়ি ফিরতে।
তোমাকে ধিক্কার দিত আত্মীয়রা,
লজ্জায় মুখ ঢেকে পড়ে থাকতে অন্ধকারে।
একটু একটু করে তরুণী হতে,
আর দশ নখ বাড়িয়ে ছুটে ছুটে আসতো পুরুষেরা, সেই পুরুষেরা।
তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খেতো প্রতিদিন।
সাত বছর বয়স থেকে এদের চেনো তুমি, তুমি শৈশব থেকে এদের চেনো।
ইকো পার্কের গভীর জঙ্গলে এদের তুমি প্রথম দেখেছিলে,
এরাই তোমার পাড়ায় হেঁটে বেড়ায়, এরাই তোমার প্রতিবেশি,
এরাই স্বজন, এরাই রাস্তা ঘাটে, মাঠে ময়দানে, এরাই শহরে বন্দরে।
এদের একটিই মুখ। হিংস্র কুৎসিত মুখ।
তোমার কণ্ঠদেশে এখনও কাটা দাগ,
পুরুষেরা তোমাকে জবাই করেছিল, সেই দাগ।
শ্বাসনালী নেই, তুমি কথা বলতে পারো না,
তোমার অভিযোগ কোনও আদালতই নেয়নি।
বিশাল ব্রহ্মাণ্ডে একা তুমি, একটি বিন্দুর মতো একা।
নিরীহ, নিঃসঙ্গ, নিরপরাধ।
তোমাকে যে লাল শাড়ি পরিয়ে একদিন বিয়ে করবে, সেও তোমাকে প্রতিরাতে ধর্ষণ করবে,
অন্তর রক্তাক্ত হবে তোমার প্রতিরাতে।
দেখবে তার মুখও সেই মুখ, ইকো পার্কের ধর্ষকদের মুখ,
সেই একই হিংস্র কুৎসিত মুখ।
তুমি চিৎকার করবে, সেই চিৎকার শুধু তুমিই শুনবে।
তুমি টের পাবে শৈশব থেকে তুমি ইকো পার্কেই পড়ে আছো,
ইকো পার্ক থেকে আসলে তুমি বেরোতে পারোনি,
ইকো পার্কেই ধর্ষণের উৎসব চলছে,
গোটা জীবনটাই তোমার আস্ত একটা ইকো পার্ক।
তোমাকে হয়তো যন্ত্রণায় কাতরাতে কাতরাতে
একদিন আত্মহত্যাই করতে হতো,
গলার কাটা দাগ বরাবর ওড়না বা শাড়ির আঁচলের ফাঁস নিয়ে।
একদিন তুমিই হয়তো এই নষ্ট পৃথিবী থেকে বাঁচতে চাইতে।
জান্নাতুল নিশা ইরা, মরে গিয়ে তুমি ভালই করেছ আজ।
বেঁচে থেকে তোমাকে শত-শতবার ধর্ষণ আর শত-শতবার মৃত্যু দেখতে হলো না।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট