
সরকার বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি ও বেসরকারি অফিস, দোকানপাট এবং ব্যাংকের সময়সূচিতে পরিবর্তন এনেছে । আগামী রোববার (৫ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এই তথ্য জানান।
নতুন সিদ্ধান্ত অনুসারে, এক ঘণ্টা কমিয়ে সরকারি ও বেসরকারি সব ধরনের অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। একইসঙ্গে ব্যাংকগুলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন কার্যক্রম চালাবে। তবে দিনের শেষে আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করে ব্যাংকগুলো বিকেল ৪টার মধ্যে বন্ধ হবে।
অপরদিকে বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব মার্কেট, শপিংমল ও সাধারণ দোকানপাট সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিছু জরুরি সেবা খাতকে এ নির্দেশনার বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে- কাঁচাবাজার, ওষুধের দোকান এবং খাবারের দোকান। এসব প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের পরও প্রয়োজন অনুযায়ী খোলা রাখতে পারবে।
এছাড়াও জরুরি সেবার মধ্যে ফার্মেসিগুলোকে বিশেষভাবে ছাড় দেওয়া হয়েছে, যা রাত পর্যন্ত বা প্রয়োজন হলে ২৪ ঘণ্টাও খোলা থাকতে পারবে। একইসঙ্গে হাসপাতাল-সংলগ্ন দোকান, জরুরি চিকিৎসাসেবা কেন্দ্র এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের কিছু নির্দিষ্ট দোকানও এই নিষেধাজ্ঞার বাইরে থাকতে পারে বলে উল্লেখ করা হয় নির্দেশনায়।
মূলত জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করার জন্য এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।
এই নির্দেশনা বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয়কে কঠোরভাবে মনিটরিং করার দায়িত্ব দেওয়া হয়েছে।
পূর্বকোণ/পারভেজ