
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ কেন্দ্রে রূপান্তরের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী আধুনিক প্রযুক্তি সংযোজন, জনবলের সঠিক ব্যবহার এবং কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। মন্ত্রী বলেন, একটি প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি হলো দক্ষ মানবসম্পদ এবং বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী সম্প্রচার ব্যবস্থার জন্য প্রযুক্তিগত উন্নয়ন অপরিহার্য। এছাড়া কেন্দ্রের নিজস্ব আয় বৃদ্ধির বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
ইয়াসির খান চৌধুরী আশাবাদ ব্যক্ত করেন, প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে একটি কার্যকর সম্প্রচার কেন্দ্রে পরিণত করা সম্ভব হবে।
পরে এক মতবিনিময় সভায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম ইমাম হোসেন, চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসান, সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ নওয়াজ এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বার্তা সম্পাদক জাহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ