
নির্বাচন-পরবর্তী রাজনৈতিক মেরুকরণে পাল্টাপাল্টি অবস্থানে দাঁড়িয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক শক্তি বিএনপি ও জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বা ‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। একইসঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে বিএনপি ‘নিজেদের পায়ে কুড়াল মারছে’ বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে কক্সবাজার পাবলিক হলে শহর জামায়াতে ইসলামী আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই সনদ কী, তা বাড়ির কাজের মেয়েরাও বোঝে, শুধু বিএনপি বোঝে না। এই সনদকে কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না মর্মে বিএনপি স্বাক্ষর করেছিল, কিন্তু এখন তারা অবস্থান পরিবর্তন করেছে। জনগণের অভিপ্রায়ই সবচেয়ে বড় আইন; অবিলম্বে সেই অভিপ্রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে।”
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, “গেল নির্বাচনে ‘এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। আমরা আল্লাহর দরবারে মামলা করে দিয়েছি, ফয়সালা তিনিই করবেন। দেশের শান্তি-শৃঙ্খলার স্বার্থে কষ্ট চেপে জামায়াত ফলাফল মেনে নিয়েছে, তার মানে এই নয় যে আমরা অন্যায় ও অনিয়মকেও মেনে নেব।”
বিএনপির উদ্দেশ্যে সাবেক এই এমপি বলেন, “৫ আগস্টের শিক্ষা ভুলে যাবেন না। স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে আওয়ামী লীগের মতো দলীয় লোকজনকে চেয়ারে বসাচ্ছেন—এটি শুভ হবে না। আপনারা জনরায়কে ভয় পাচ্ছেন। যদি আরও কোনো স্থানীয় সরকারে দলীয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়, তবে জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”
চলমান জাতীয় সংসদের অধিবেশনেই সংবিধান সংস্কারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দাবি জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি নেতাকর্মীদের আগামী ৫ বছর ‘ভেজাল ধরার ইলম’ অর্জন করার পরামর্শ দিয়ে বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচনের লড়াইয়ে জামায়াতকে জিততে হবে।
শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। তিনি বলেন, সাধারণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হলেও স্থানীয় সরকারে দলীয় প্রশাসক নিয়োগ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক।
অনুষ্ঠানে জেলা ও শহর জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ পেশাজীবী ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
পূর্বকোণ/সিজান/পারভেজ