চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সর্বশেষ:

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি বাড়ল ৯০ টাকা

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি বাড়ল ৯০ টাকা

অনলাইন ডেস্ক

২৪ মার্চ, ২০২৬ | ৬:০৬ অপরাহ্ণ

দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারও বড় পরিমাণে বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি।

 

আজ মঙ্গলবার (২৪ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন মূল্য ঘোষণা করা হয়, যা একই দিন মধ্যরাত থেকে কার্যকর হবে।

 

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে এক লাফে বেড়ে ২০২ টাকা ২৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে লিটারপ্রতি দাম বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা, যা শতাংশের হিসেবে প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি।

 

অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। প্রতি লিটার জেট ফুয়েলের মূল্য ০.৭৩৮৪ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে বৃদ্ধির হার প্রায় ৭৯ শতাংশ।

 

বিইআরসি জানিয়েছে, বিদ্যমান বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন এ দর আগামী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

 

সংশ্লিষ্টরা বলছেন, জেট ফুয়েলের এই বড় ধরনের মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি বিমান ভাড়ায় পড়তে পারে। বিশেষ করে অভ্যন্তরীণ রুটে ভাড়া বাড়ার সম্ভাবনা বেশি, যা যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সগুলোর পরিচালন ব্যয়ও বাড়বে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট