
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। চলতি বছরের মার্চ মাসের প্রথম ১৪ দিনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২ দশমিক ২০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৫ দশমিক ৭০ শতাংশ বেশি।
গত বছর একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৬২ বিলিয়ন ডলার। রবিবার (১৫ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
ব্যাংকাররা বলছেন, ঈদ কেন্দ্র করে প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় মূলত এই সময় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পায়। একটি বেসরকারি ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ঈদের আগে পরিবারের খরচ মেটাতে প্রবাসীরা বেশি অর্থ পাঠান। তবে ঈদের পর সাধারণত রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমে আসে।
পূর্বকোণ/আরআর/পারভেজ