
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা কমানো হয়েছে। এর ফলে ভরি প্রতি স্বর্ণের দাম এখন ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।
শনিবার (১৪ মার্চ) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংগঠনটি জানিয়েছে, দেশের বাজারে নতুন এ দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর আগে শুক্রবার (১২ মার্চ) স্বর্ণের দাম কমায় বাজুস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) ও রুপার দাম কমে যাওয়ায় এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে শনিবার সকাল সাড়ে ৯টায় এক জরুরি সভা করেছে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা সোনার দাম প্রতি গ্রাম নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৪৮৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ২১ হাজার ৪৬৫ টাকা এবং ১৮ ক্যারেট প্রতি গ্রাম ১৮ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির স্বর্ণালংকারের দাম প্রতি গ্রাম নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৯৮৫ টাকা।
অন্যদিকে রুপার অলংকারের দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট রুপার অলংকারের দাম প্রতি গ্রাম ৪২৫ টাকা, ২১ ক্যারেটের দাম ৩২০ এবং ১৮ ক্যারেটের দাম ৪৯৫ টাকা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার অলংকারের প্রতি গ্রামের দাম হয়েছে ৫২০ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে। এছাড়া সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ক্রেতাদের কাছ থেকে আদায় করে তা সরকারি কোষাগারে জমা দিতে হবে।
পূর্বকোণ/এএইচ