
রাজশাহীতে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলাউদ্দিন নামে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন। জামায়াতের উপজেলা আমির নিশ্চিত করেছেন, নিহত আলাউদ্দিন তাদের দলের কর্মী ছিলেন।
আজ শনিবার (৭ মার্চ) মোহনপুর উপজেলার সাঁকোয়া গ্রামের ঈদগাহ মাঠে রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জামায়াত নেতাকর্মীরা কিছু সময়ের জন্য রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন।
ঘটনার পর থেকে দুপক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এসময় একটি মোটরসাইকেলে (রাজ মেট্রো হ ১২-৯৭৬৪) আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁকোয়া গ্রামের একটি ঈদগাহে আসন্ন ঈদুল ফিতরের নামাজের ইমাম নির্বাচন নিয়ে বৈঠক বসে সন্ধ্যায়। এ নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে মারামারি বেধে যায়। এতে আলাউদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যু হয়। আলাউদ্দিনের মরদেহ বর্তমানে নিহতের বাড়িতে রয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, ঈদগাঁ মাঠে ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মামামারিতে আলাউদ্দিনের মৃত্যু হয়েছে। মরদেহ নিহতের বাড়িতে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ