
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই শহিদদের আত্মত্যাগের সঙ্গে কেউ যদি বেঈমানি করতে চায়, তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে জীবন দিয়ে হলেও জুলাই অভ্যুত্থানের চেতনাকে হারিয়ে যেতে দেওয়া হবে না।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
জুলাই বিপ্লবের গুরুত্ব তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই যদি না থাকে, তাহলে যমুনা, নির্বাচন কিংবা সরকার—কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না”। তিনি এই অভ্যুত্থানের মূল চেতনা ধরে রাখার লক্ষ্যে দেশের সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার জোর আহ্বান জানান।
খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এনসিপিসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে এনসিপি নেতা সারজিস আলম তার বক্তব্যে আগামী স্থানীয় সরকার নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান। তিনি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ