চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬

সর্বশেষ:

পোশাক শ্রমিকের ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে দেয়ার নির্দেশ মন্ত্রীর

পোশাক শ্রমিকের ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে দেয়ার নির্দেশ মন্ত্রীর

অনলাইন ডেস্ক

৩ মার্চ, ২০২৬ | ৯:১৮ অপরাহ্ণ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের ঈদ বোনাস আগামী ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। পাশাপাশি বকেয়া বেতন সর্বোচ্চ সাত কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে মালিকপক্ষকে বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাধারণ ছুটির প্রজ্ঞাপনের পাশাপাশি শ্রম আইন অনুসারে মালিক ও শ্রমিক পক্ষের আলোচনার ভিত্তিতে শ্রমিকদের ঈদের ছুটি নির্ধারণ করা হবে।

 

আজ মঙ্গলবার (৩ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) ও আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মাহদী আমিন।

 

সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কল-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের আহ্বান জানান। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাসে উন্নীত করার জন্য সরকারের কাছে আবেদন জানান তারা।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন ফজলে শামীম এহসান এবং টিটিসির সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট