
রাজধানীর বারিধারার একটি হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় জেসিআই বরিশাল এর ২০২৬ মেয়াদের জন্য লোকাল প্রেসিডেন্ট হিসেবে ব্যারিস্টার ফারজানা আখতারকে ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠার পর এই প্রথম নারী নেতৃত্ব পেল সংগঠনটির এই অধ্যায়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) আয়োজিত সভায় বিদায়ী প্রেসিডেন্ট ও বর্তমান ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট এন এম নকিবুল হক নবনির্বাচিত প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্সিয়াল চেইন হস্তান্তর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ, জাতীয় পর্যায়ের অন্যান্য কর্মকর্তা, সাবেক প্রেসিডেন্ট এবং বিভিন্ন কমিউনিটি নেতা।
দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে ব্যারিস্টার ফারজানা আখতার সদস্যদের আস্থার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শক্তিশালী নেতৃত্ব, টেকসই উন্নয়ন এবং সদস্যদের মধ্যে দৃঢ় বন্ধন তৈরির মাধ্যমে জেসিআই বরিশালকে আরও এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি তরুণ নেতৃত্ব বিকাশ ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। বরিশালের বিভিন্ন অঞ্চলে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বছরব্যাপী উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের অঙ্গীকারও ব্যক্ত করেন।
২০২৬ সালের জন্য নবগঠিত বোর্ডে বেনাজির হুসাইন ও কিবরিয়া সারওয়ার লোকাল ভাইস প্রেসিডেন্ট এবং মো. আখতার হোসেন লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। লোকাল সেক্রেটারি জেনারেল হিসেবে ফয়সাল সিদ্দিকী এবং লোকাল ট্রেজারার হিসেবে মো. আল-আমিন সরদার প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করবেন। এছাড়া জেনারেল লিগ্যাল কাউন্সেল হিসেবে দায়িত্বে থাকবেন মোহাম্মদ মাহফুজুর রহমান এবং লোকাল ট্রেনিং কমিশনার হিসেবে সৈয়দা মারুফা ইসলাম দায়িত্ব পালন করবেন। নেতৃত্ব টিমে আরও রয়েছেন কমিটি চেয়ার হুসাইন মোহাম্মদ সুনওয়ার, জেসিআই ইন বিজনেস (জেআইবি) চেয়ারপারসন ইশতি আহমেদ, লোকাল ডিরেক্টর শারমিন সুলতানা ও আহমেদ ফয়েজ।
‘লিড. কানেক্ট. ইভলভ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেসিআই বরিশাল তরুণ সক্রিয় নাগরিকদের ইতিবাচক পরিবর্তন সৃষ্টিতে সক্ষম করে তোলা এবং উন্নয়নমূলক সুযোগ সম্প্রসারণে কাজ করে যাবে বলে সভায় জানানো হয়।