চট্টগ্রাম রবিবার, ০১ মার্চ, ২০২৬

ফ্লাইট বাতিল করায় যাত্রীদের রাত্রিযাপনের ব্যবস্থা সরকারের, যোগাযোগের অনুরোধ
 আটকা পড়া মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। ছবি: সংগৃহীত

ফ্লাইট বাতিল করায় যাত্রীদের রাত্রিযাপনের ব্যবস্থা সরকারের, যোগাযোগের অনুরোধ

অনলাইনি ডেস্ক

১ মার্চ, ২০২৬ | ১২:৪৭ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাংলাদেশ থেকে ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে যেসব যাত্রী ভোগান্তিতে পড়েছেন, তাদের জন্য রাত্রিযাপনের ব্যবস্থার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলেছে, মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে কিছু ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের অপ্রত্যাশিত অসুবিধা সৃষ্টি হয়েছে। যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তাদের রাত্রিযাপনের সুবিধা দেওয়া হবে।

 

এজন্য প্রবাসী কল্যাণ ডেস্ক অথবা লাউঞ্জে যোগাযোগ করার জন্য যাত্রীদের অনুরোধ করেছে।

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অন্যদিকে, ইসরায়েলসহ আশপাশের দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান।

 

এ কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এয়ারলাইন্সগুলোর ফ্লাইট বাতিল করা হয়েছে। বাংলাদেশ থেকেও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে মধ্যপ্রাচ্যগ্রামী ফ্লাইট।

 

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এসব ফ্লাইট বন্ধ থাকবে বলে শনিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেছেন, ‘মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

 

তিনি বলেন, দাম্মাম, কুয়েত, দুবাই, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ্, আবুধাবি-সহ যে সকল গন্তব্যে যাত্রীরা ফ্লাইটের জন্য যাত্রা করছিলেন, তারা যেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করা ছাড়া বিমানবন্দরে না আসেন। যোগাযোগ করতে হবে ১৩৬৩৬ নম্বরে।

 

পূর্বকোণে/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট