
সারাদেশে মা-বোনদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশ আজ ভালো নেই। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমরা এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে কোনো গুম-খুন, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীসহ সারাদেশে হওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনাসমূহের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ডাকসু আয়োজিত ‘বিক্ষোভ’ সমাবেশে তিনি এসব কথা বলেন।
এদিন বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ-মিছিল শুরু করে ডাকসু। এ সময় বিক্ষোভকারীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, হ্যাং দা রেপিস্ট’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘তারেক রহমান, ধর্ষণ করো অবসান’সহ নানা স্লোগান দেন।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে সাদিক কায়েম বলেন, সম্প্রতি নরসিংদীর ঘটনা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। সেখানে দেখেছি কিভাবে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও, সারাদেশে ফ্যাসিবাদী উপায়ে ভিন্নমত দমন করা হচ্ছে। আমরা বেঁচে থাকতে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হতে দেবো না। জীবন দিয়ে হলেও বাংলাদেশে আর হাসিনাতন্ত্র ফিরে আসতে দেবো না। কেউ যদি হাসিনা হয়ে উঠতে চায় তাহলে আমরা আবু সাঈদ হয়ে তাদের রুখে দেবো।
এছাড়া, বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং ক্রিয়া সম্পাদক আরমান হোসেন।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ