
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গ্রাম পুলিশের (মহল্লাদার) শূন্য পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জনের কেউই জাতীয় সংগীত লিখতে পারেননি। এতে সবাইকে অযোগ্য ঘোষণা করে নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) তেঁতুলিয়া উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে। পুনরায় এ নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর জেলায় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের আলোচনা-সমালোচনা চলছে।
তেঁতুলিয়া উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট, তেঁতুলিয়া ও দেবনগর ইউনিয়ন পরিষদের জন্য একজন করে এবং শালবাহান ইউনিয়ন পরিষদের জন্য দুজনসহ মোট পাঁচজন গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় অষ্টম শ্রেণি পাস। এতে মোট ৩৮ জন চাকরি প্রার্থী কোনো প্রকার ফি ছাড়াই আবেদন করেন।
গতকাল সকাল ১০টার দিকে প্রার্থীদের শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। এরপর নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বেলা ১১টার দিকে চাকরিপ্রত্যাশীদের মেধা যাচাইয়ের অংশ হিসেবে সবাইকে জাতীয় সংগীত লিখতে দেওয়া হয়। এর জন্য সময় নির্ধারণ করা হয় ১৫ মিনিট। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই সম্পূর্ণ ও শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে পারেনি। এতে সবাইকে অকৃতকার্য দেখিয়ে এই নিয়োগ পরীক্ষা বাতিল করে নিয়োগ ও বাছাই কমিটি।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নিয়োগ ও বাছাই কমিটির সভাপতি আফরোজ শাহীন খসরু গণমাধ্যমকে বলেন, ‘আমরা যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার চেষ্টা করেছি। অষ্টম শ্রেণি পাস ব্যক্তিরা জাতীয় সংগীত লিখতে পারবেন না, এটা দুঃখজনক। নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ৩৮ জনের কেউই জাতীয় সংগীত লিখতে পারেননি।
পূর্বকোণ/কায়ছার