
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবা।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) কলকাতা থেকে যাত্রী নিয়ে রওনা হওয়া ‘রয়েল মৈত্রী’ বাসটি দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার আগরতলায় পৌঁছায়। ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশন (টিআরটিসি) পরিচালিত এই বাসের যাত্রীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাজ্যের পরিবহন ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং টিআরটিসির চেয়ারম্যান সমর রায়।
গত শনিবার কলকাতা থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু হলেও মঙ্গলবার যাত্রীরা পৌঁছানোর মাধ্যমে একেই আনুষ্ঠানিক সূচনা হিসেবে ধরা হচ্ছে।
বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন ও ভিসা জটিলতায় এই পরিষেবা দীর্ঘ সময় বন্ধ ছিল। পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী এ সময় বাংলাদেশকে ‘পরিবারের সদস্য’ হিসেবে অভিহিত করে আশা প্রকাশ করেন যে, দুই দেশের নতুন সরকারের অধীনে বাণিজ্য ও পর্যটন সস্পর্ক আরও সুদৃঢ় হবে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাও এই উদ্যোগকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ইতিবাচক লক্ষণ বলে মন্তব্য করেছেন।
ঢাকা হয়ে কলকাতা ও আগরতলার দূরত্ব মাত্র ৫০০ কিলোমিটার এবং ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮০০ টাকা। যেখানে ভারতীয় ভূখণ্ড (গুয়াহাটি) হয়ে এই দূরত্ব পাড়ি দিতে প্রায় ১ হাজার ৫৭০ কিলোমিটার পথ চলতে হয় এবং সময় লাগে প্রায় ৪০ ঘণ্টা। ফলে এই পরিষেবা চালুর মাধ্যমে যাত্রীদের সময় ও খরচ দুই-ই সাশ্রয় হবে। উল্লেখ্য, ২০০১ সালের দ্বিপাক্ষিক চুক্তির আওতায় কোনো নতুন অনুমতির প্রয়োজন ছাড়াই এই বাস চলাচল পুনরায় শুরু হয়েছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ