
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
গত ১৯ ফেব্রুয়ারি নতুন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলমের উপস্থিতিতে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ৩ মার্চ দেওয়া হবে ১৩ মার্চের অগ্রিম টিকিট।
এরপর ৪ মার্চ ১৪ তারিখের, ৫ মার্চ ১৫ তারিখের, ৬ মার্চ ১৬ তারিখের, ৭ মার্চ ১৭ তারিখের, ৮ মার্চ ১৮ তারিখের এবং ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের ট্রেনের টিকিট।
অন্যদিকে, ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে, যেদিন পাওয়া যাবে ২৩ মার্চের টিকিট।
রেলওয়ে সূত্র জানিয়েছে, এবারও সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলরত ট্রেনের টিকিট সকাল ৮টা এবং পূর্বাঞ্চলের টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাবে।
একজন যাত্রী অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে চারটি টিকিট কিনতে পারবেন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিয়মিত ট্রেনের পাশাপাশি ৫ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে ।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ ঈদ অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রেলওয়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, যাত্রীদের ভোগান্তি কমাতে এবং স্বচ্ছতা বজায় রাখতে অনলাইন পদ্ধতিকে এবারও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
পূর্বকোণ/কায়ছার