
বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার শুরু করেছে নবগঠিত বিএনপি সরকার।
ক্ষমতায় আসার মাত্র পাঁচদিনের মাথায় আজ রোববার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রাথমিকভাবে ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়েছে, বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের দমনে এসব হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছিল।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশের বিষয়টি জানিয়েছিল।
এর ফলে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় পাঁচ লাখ মানুষ আইনি হয়রানি থেকে অব্যাহতি পাচ্ছেন।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত বছরের ২২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার মামলাগুলো পর্যালোচনার জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি এবং আইন উপদেষ্টার নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছিল। বিভিন্ন রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩৯টি সভার মাধ্যমে এসব মামলা প্রত্যাহারের সুপারিশ চূড়ান্ত করা হয়। এই প্রত্যাহারের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। এই নতুন সরকারের অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে রাজনৈতিক মামলা প্রত্যাহার অন্যতম।
পূর্বকোণ/কায়ছার/পারভেপ