
আগামী ১২ মার্চ অথবা এর দু-একদিন আগে বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দুপুরে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের তৃতীয় কর্মদিবস হলেও তেজগাঁও কার্যালয়ে এটি ছিল তার প্রথম অফিস। বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা নির্বাচনী প্রতিশ্রুতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আসন্ন এই অধিবেশনে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অধিবেশনে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা বিভিন্ন অধ্যাদেশসমূহ আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে এবং নিয়ম অনুযায়ী শোক প্রস্তাব আনা হবে। পবিত্র রমজান মাসের মধ্যেই সংসদের এই গুরুত্বপূর্ণ অধিবেশন আয়োজনের সব প্রস্তুতি শুরু হয়েছে। নবগঠিত সরকারের এই প্রথম সংসদ অধিবেশনটি প্রশাসনিক ও আইনি সংস্কারের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ