চট্টগ্রাম শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সেতুমন্ত্রীর মাধ্যমে কি চাঁদাকে `জাতীয়করণে'র ঘোষণা দেওয়া হলো: প্রশ্ন জামায়াত আমিরের

সেতুমন্ত্রীর মাধ্যমে কি চাঁদাকে `জাতীয়করণে’র ঘোষণা দেওয়া হলো: প্রশ্ন জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক

২১ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:০১ পূর্বাহ্ণ

সড়কে পরিবহন থেকে টাকা আদায় বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের মন্তব্যের সমালোচনা করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। সেই সঙ্গে তিনি প্রশ্ন রেখেছেন, ‘তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো?’

 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রশ্ন করেন।

 

পোস্টে জামায়াত আমির বলেন, ‘তাহলে কীভাবে দুর্নীতির টুটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না। সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে?’

 

তিনি আরও লিখেছেন, ‘প্রিয় জনগণ, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি, ইনশাআল্লাহ।’

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয়, সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো। চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। 

 

শেখ রবিউল আলমের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার এই প্রশ্ন তুলেছেন জামায়াত আমির  ডা. শফিকুর রহমান।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট