
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আসন্ন কোনো জাতীয় সরকারে অংশ নেবে না বরং রাজপথ ও সংসদে একটি শক্তিশালী ও সক্রিয় বিরোধী দলের ভূমিকা পালন করবে দলটি। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই সাক্ষাৎকে দেশের রাজনীতির এক ‘গুণগত পরিবর্তন’ হিসেবে আখ্যায়িত করেন।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন । ডা. তাহের জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে একসাথে লড়াই করার পর এখন নতুন বাংলাদেশ বিনির্মাণের সময় এসেছে। তিনি আরও স্পষ্ট করেন যে, জামায়াত সরকারে না থাকলেও জনগণের কল্যাণে যেকোনো ইতিবাচক পদক্ষেপে সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করবে।
সাক্ষাতকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে নবগঠিত সরকারকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। রাজনৈতিক বিশ্লেষকরা এই হাই-ভোল্টেজ সাক্ষাৎকে দেশের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ও সৌহার্দ্যের এক নতুন বার্তা হিসেবে দেখছেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ