চট্টগ্রাম রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

ধানের শীষে ৫০% ভোট পড়েছে, ৩২% দাঁড়িপাল্লায়

ধানের শীষে ৫০% ভোট পড়েছে, ৩২% দাঁড়িপাল্লায়

অনলাইন ডেস্ক

১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৩৭ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলভিত্তিক প্রাপ্ত ভোটের আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের জানানো এই তথ্যানুযায়ী, ভোটের মাঠে এককভাবে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে বিএনপি। ২৯০টি আসনে প্রার্থী দিয়ে ধানের শীষ প্রতীকে দলটি পেয়েছে মোট ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ।

 

ভোটের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২২৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দাঁড়িপাল্লা প্রতীকে তাদের প্রাপ্ত ভোটের হার ৩১ দশমিক ৭৬ শতাংশ। জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র-তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২টি আসনে প্রার্থী দিয়ে ৩ দশমিক শূন্য ৫ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। দলটি জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের শরিক হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিল।

 

অন্যদিকে, গত তিনটি সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকা জাতীয় পার্টি (জাপা) এবারের নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। ১৯৯টি আসনে প্রার্থী দিয়ে লাঙ্গল প্রতীকে তারা পেয়েছে মাত্র শূন্য দশমিক ৮৯ শতাংশ ভোট।

 

এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৭টি আসনে হাতপাখা প্রতীকে নির্বাচন করে ২ দশমিক ৭০ শতাংশ ভোট পেয়েছে। ১১-দলীয় জোটে থাকা বাংলাদেশ খেলাফত মজলিস ৩৪টি আসনে রিকশা প্রতীকে লড়ে ২ দশমিক শূন্য ৯ শতাংশ ভোট পেয়েছে।

 

বাকি দলগুলোর মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, বাসদ, বাসদ (মার্ক্সবাদী), গণফোরাম, নাগরিক ঐক্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস ও ইসলামী ঐক্যজোটের প্রাপ্ত ভোটের হার ১ শতাংশের নিচে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট