
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে এবার সংসদে প্রজন্মের এক বিস্তৃত ও বৈচিত্র্যময় প্রতিনিধিত্ব দেখা যাচ্ছে। বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, এবারের সংসদে নির্বাচিত সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী ও সবচেয়ে কম বয়সী প্রার্থীর বয়সের ব্যবধান প্রায় ৫৩ বছর।
সংসদের সবচেয়ে প্রবীণ সদস্য হতে যাচ্ছেন বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন। ১৯৪৬ সালে জন্ম নেওয়া এই রাজনীতিবিদের বর্তমান বয়স ৭৯ বছর ৪ মাস। তিনি কুমিল্লা–১ আসন থেকে ১ লাখ ৪১ হাজার ৪৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় হয়েছিলেন।
অন্যদিকে, সংসদের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নাম লিখিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। ২০০০ সালে জন্ম নেওয়া মাসউদের বর্তমান বয়স মাত্র ২৬ বছর ১ মাস।
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির নেতা হিসেবে পরিচিত হান্নান মাসউদ নোয়াখালী–৬ (হাতিয়া) আসন থেকে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই তিনি ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
প্রবীণ ও নবীনের এই সহাবস্থান ত্রয়োদশ সংসদকে এক অনন্য বৈশিষ্ট্য দান করেছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ