
সারাদেশে সুষ্ঠু-সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। দুই-একটি কেন্দ্রে সামান্য গোলমাল দেখা দিলেও তাৎক্ষণিকভাবে তা সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ গণতন্ত্রায়নের ট্রেনে উঠে গেছে। নির্বাচনের দিনগুলোতে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে গ্রামে-গঞ্জে ছুটেছে। অনেক দিন পর ভোটের যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে, তা মানুষকে উদ্বেলিত করছে।”
তিনি আরও বলেন, “ঠাকুরগায়ে কেন্দ্রের মাঠে জামায়াত ও বিএনপির নেতারা একত্রে সাংবাদিকদের সঙ্গে হাসি-মুখে কথা বলছেন। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। বাংলাদেশ গণতন্ত্রের পথে এগোচ্ছে, এবং ইনশাআল্লাহ এই ট্রেন গন্তব্যে পৌঁছাবে। ২০২৬ সালে বিশ্বে সবচেয়ে বড় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত সব চ্যালেঞ্জ মোকাবিলা করা হয়েছে, ভবিষ্যতের চ্যালেঞ্জও মোকাবেলা করবো।”
সিইসি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “আমরা জাতিকে যে ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই লক্ষ্যে কাজ করেছি। আমরা কারো পক্ষে বা বিপক্ষে নেই। সুন্দর ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন আয়োজন করার চেষ্টা করেছি, যা ইনশাআল্লাহ সফল হয়েছে। এবার আর কোনও পাতানো নির্বাচন হবে না, নির্বাচনের ইতিহাসের অন্ধকার চিহ্নগুলো আমরা ভুলে যাবো।”
পূর্বকোণ/সিজান/পারভেজ