
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আসন্ন নির্বাচন ও গণভোটকে দেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব পরিবর্তনের মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। সচিবদের সাথে এক অনুষ্ঠানে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে দেশে আর অপশাসন ফিরে আসবে না এবং বাংলাদেশের ভবিষ্যৎ সুন্দরভাবে নির্মিত হবে।
তিনি বিগত নির্বাচনগুলোকে “ভুয়া” আখ্যা দিয়ে এবারের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে আশ্বস্ত করেন। এবারের নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশীদের সরাসরি রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তাদের ভূমিকাকে আরও সুসংহত করেছে। নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যাপক ব্যবহারের কথা উল্লেখ করে তিনি জানান, ভোটদান ও নিরাপত্তার জন্য বিশেষ অ্যাপ, ‘নির্বাচন বন্ধু’ হটলাইন-৩৩৩, প্রায় ২৫,৭০০টি বডি ওর্ন ক্যামেরা এবং সব কেন্দ্রে সিসিটিভি ব্যবহার করা হচ্ছে।
ড. ইউনূস মনে করেন, বিপুলসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষকের আগমন বাংলাদেশের গণতন্ত্রের ওপর বিশ্ব সম্প্রদায়ের আস্থা ফিরে আসার প্রমাণ, যা বিগত তিনটি নির্বাচনে ছিল না। তিনি গত ১৮ মাসে প্রায় ১৩০টি অধ্যাদেশ জারি ও বাস্তবায়নে সচিবদের সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করেন । অর্থনৈতিক প্রসঙ্গে তিনি জানান, জাপানের সাথে অংশীদারিত্ব চুক্তির ফলে বিদেশী বিনিয়োগ বাড়বে এবং দেশের বিশাল তরুণ জনগোষ্ঠী ভবিষ্যতে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। তার মতে, এই সংস্কার ও সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে উত্তরোত্তর উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ