চট্টগ্রাম সোমবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

জোটগতভাবে বিএনপি ২০৮, জামায়াত ৪৬টি আসন পেতে পারে

জোটগতভাবে বিএনপি ২০৮, জামায়াত ৪৬টি আসন পেতে পারে

ইএএসডির জরিপ

অনলাইন ডেস্ক

৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ৮:১০ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি এক জনমত জরিপের ফলাফল প্রকাশ করেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি)। দেশের ৩০০টি সংসদীয় আসনে সাড়ে ৪১ হাজার মানুষের মতামতের ভিত্তিতে পরিচালিত এই জরিপ বলছে, বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচনে প্রায় ২০৮টি আসনে জয়লাভ করতে পারে। অন্যদিকে, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৪৬টি, জাতীয় পার্টি ৩টি, স্বতন্ত্র প্রার্থীরা ১৭টি এবং অন্যান্য দল ৪টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

জরিপের তথ্যমতে, দেশের ৬৬.৩ শতাংশ ভোটারের রাজনৈতিক পছন্দ বিএনপি এবং ১১.৯ শতাংশের পছন্দ জামায়াতে ইসলামী। বিশেষ করে নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেশি (৭১.১ শতাংশ)। আঞ্চলিক বিশ্লেষণে দেখা যায়, চট্টগ্রাম ও সিলেটে বিএনপি জোটের প্রতি সমর্থন সবচেয়ে বেশি, তবে বরিশাল ও খুলনায় জামায়াত জোটের অবস্থান বেশ শক্তিশালী।

 

জরিপের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, আওয়ামী লীগের সাবেক ভোটারদের ৮০ শতাংশই এখন পরিবর্তন চান এবং তারা বিএনপিকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এছাড়া পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সর্বাধিক ৬৮ শতাংশ উত্তরদাতা তারেক রহমানকে সমর্থন করেছেন।

 

ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার জানান, ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কোবো টুলবক্স’ ব্যবহার করে ১৮ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়। এতে তরুণদের অংশগ্রহণ ছিল ৩৭.২ শতাংশ। সংস্থাটির দাবি, এটিই এখন পর্যন্ত এই নির্বাচন নিয়ে প্রকাশিত সবচেয়ে বড় নমুনার জরিপ, যা দেশের সাধারণ মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষাকেই প্রতিফলিত করছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট