চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

‘ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা সন্ধ্যার মধ্যে পরিবর্তন না করলে ইসি ঘেরাও’

‘ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা সন্ধ্যার মধ্যে পরিবর্তন না করলে ইসি ঘেরাও’

অনলাইন ডেস্ক

৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩:৪৫ অপরাহ্ণ

ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত আজ সোমবার সন্ধ্যার মধ্যে পরিবর্তন না করলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা–১৩ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের নির্বাচনী সমাবেশে নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন তিনি। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন।

 

তিনি বলেন, ‘ইলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে, ৪০০ মিটারের মধ্যে ফোন নিয়ে যেতে পারবে না। আজকে সন্ধ্যার মধ্যে এই বিধি বিধান পরিবর্তন না করলে আগামীকাল ইলেকশন কমিশন ঘেরাও করা হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এত দিন কিছু বলি নাই, সব সহ্য করে গিয়েছি। নির্বাচনের দ্বারপ্রান্তে এসে এই ধরনের ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হবে, মানুষের কণ্ঠস্বর, মানুষের তথ্য অধিকারকে হরণ করা হবে— এই ধরনের কোনো আইন মেনে নেওয়া হবে না।’

 

নির্বাচন কমিশনের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘এত দিন যা করেছেন, করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও করুণ পরিণত হবে এই কমিশনের।’

 

প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে এনসিপির আহ্বায়ক বলেন, ‘আপনারা আমাদের ভাই। আপনাদের উপর দেশের আমানত। আগামী ১২ ফেব্রুয়ারি নিরপেক্ষভাবে নির্বাচনের গুরুদায়িত্ব পালন করবেন। জনগণের অধিকার রক্ষা করবেন, গণতন্ত্রকে নিশ্চিত করবেন। মনে রাখবেন, গণ–অভ্যুত্থানের হাজারো শহীদের, হাজারো মানুষের রক্তের উপরে দিয়ে এই নির্বাচন হচ্ছে। এর সাথে বিশ্বাসঘাতকতা করলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনোদিন ক্ষমা করবে না।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট