
ভারতীয় ভিসাপ্রত্যাশীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় নতুন নিয়ম চালু করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।
আজ বৃহস্পতিবার থেকে এই নতুন সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু কার্যক্রম শুরু হয়েছে।
আইভ্যাক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় নতুন সিস্টেমে সাইনআপ কার্যক্রম চালু করা হয়। একই দিন সন্ধ্যা ৬টা থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং খোলা হয়।
নতুন নিয়ম অনুযায়ী, বর্তমানে ৮ ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করা যাচ্ছে।
নতুন ব্যবস্থায় পরবর্তী দিনের অ্যাপয়েন্টমেন্ট আগের দিন সন্ধ্যা ৬টা থেকে পাওয়া যাবে। তবে অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে আবেদনকারীকে অবশ্যই ওই দিন বিকেল সাড়ে ৫টার মধ্যে সাইনআপ সম্পন্ন করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব কাজ সম্পন্ন না করলে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।
এর আগে আইভ্যাক এক নোটিশে জানায়, বৃহস্পতিবার একটি নতুন অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হবে, যার লিংক অফিশিয়াল আইভিএসি ওয়েবসাইটে পাওয়া যাবে। আগামী রবিবার ও পরবর্তী সব তারিখের অ্যাপয়েন্টমেন্ট এই নতুন সিস্টেমের মাধ্যমেই বুক করতে হবে।
আইভ্যাক আবেদনকারীদের জাল বা অবৈধ অ্যাপয়েন্টমেন্ট স্লট গ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। সাইনআপের সময় ভিসা আবেদনে ব্যবহৃত ইমেইল ঠিকানা ব্যবহার করতে হবে।
সাইনআপ প্রক্রিয়ায় একটি ওটিপি ইমেইলে এবং আরেকটি এসএমএসের মাধ্যমে পাঠানো হবে। ইমেইল ও মোবাইল নম্বর ভেরিফিকেশন শেষে সাইনআপ সম্পন্ন করতে হবে।
সাইনআপ শেষ হলে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। লগইনের পর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করলে আবেদনকারীর তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে যুক্ত হবে। সন্ধ্যা ৬টায় স্লট চালু হলে পুনরায় লগইন করে পরবর্তী দিনের জন্য নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট স্লট নির্বাচন করতে হবে।
প্রয়োজনে স্লট একবার পরিবর্তনের সুযোগ থাকবে। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর ভিসার ধরন অনুযায়ী নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
পূর্বকোণ/এএইচ