
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তরের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন সংগঠনটির সদস্যরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে পুলিশের বাধা ও যমুনা এলাকায় সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন।
সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেরের নেতৃত্বে বিক্ষোভকারীরা জানান, তদন্তভার জাতিসংঘের কাছে হস্তান্তর না করা পর্যন্ত তারা সেখান থেকে একচুলও সরবেন না।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে পরিচিতি পাওয়া হাদি গত ১২ ডিসেম্বর বিজয়নগরে নির্বাচনী গণসংযোগকালে চলন্ত মোটরসাইকেল থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
হাদি হত্যার ঘটনায় ডিবি পুলিশ ইতিমধ্যে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে।
তবে প্রধান অভিযুক্ত ফয়সাল করিমসহ ৫ জন আসামি এখনও পলাতক রয়েছেন। রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম জানান, পুলিশ আন্দোলনকারীদের সাথে কথা বলছে। এর আগে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে আল্টিমেটাম দিয়ে জানিয়েছিল, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো বার্তা না আসা পর্যন্ত তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে।
পূর্বকোণ/কায়ছার