
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া কোনোভাবেই ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পর যাবে না।
আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনের দিনই ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ ও সংখ্যাগরিষ্ঠ দলের নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। সেক্ষেত্রে ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই ক্ষমতা হস্তান্তর সম্ভব বলে মনে করছে সরকার।
অন্যদিকে, শপথ গ্রহণ প্রক্রিয়া নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, দ্রুত শপথ আয়োজনে সরকার দুইটি বিকল্প ভাবছে। প্রথমত, রাষ্ট্রপতি মনোনীত কোনো ব্যক্তি (যেমন প্রধান বিচারপতি) শপথ পড়াতে পারেন। দ্বিতীয়ত, প্রধান নির্বাচন কমিশনার এই দায়িত্ব পালন করতে পারেন। সরকার কোনো বিলম্ব না করে নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে চায়।
উক্ত সংবাদ সম্মেলনে আরও জানানো হয় যে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকেই এই সিদ্ধান্তগুলো আলোচনা করা হয়েছে।
পূর্বকোণ/কায়ছার