চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

বেসরকারি ইপিজেডের নিয়ন্ত্রণ যাচ্ছে বেজার হাতে, অধ্যাদেশ জারি

বেসরকারি ইপিজেডের নিয়ন্ত্রণ যাচ্ছে বেজার হাতে, অধ্যাদেশ জারি

অনলাইন ডেস্ক

৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৬:২৯ অপরাহ্ণ

দেশের সব বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এখন থেকে সরাসরি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নিয়ন্ত্রণে পরিচালিত হবে। এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার ১৯৯৬ সালের পুরনো আইনটি রহিত করে ‘বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে, যা গত সোমবার গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

 

নতুন এই অধ্যাদেশের ফলে বেসরকারি ইপিজেডগুলো এখন থেকে ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০’-এর আওতায় বেসরকারি অর্থনৈতিক অঞ্চল হিসেবে বিবেচিত হবে। তবে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় পূর্ববর্তী আইনের অধীনে গৃহীত সকল সিদ্ধান্ত, কার্যক্রম এবং উদ্যোক্তাদের প্রদানকৃত লাইসেন্স বহাল থাকবে। এছাড়া অঞ্চলগুলোতে বিদ্যমান বন্ডেড সুবিধা এবং কর ও শুল্ক রেয়াত আগের মতোই কার্যকর থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

 

প্রশাসনিক পরিবর্তনের অংশ হিসেবে আগের গভর্নর বোর্ড ও নির্বাহী সেল বিলুপ্ত করা হয়েছে এবং সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা বেজায় বদলি হবেন। এছাড়া চলমান সকল মামলা ও আইনি কার্যক্রম এখন থেকে বেজার নামে পরিচালিত হবে। মূলত প্রশাসনিক স্বচ্ছতা, একক কর্তৃত্ব এবং নীতিগত সমন্বয় নিশ্চিত করার মাধ্যমেই বিনিয়োগ ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অধ্যাদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট