
বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব। তবে একটা গোষ্ঠী ৭১-কে মুছে ফেলতে চায়। একাত্তরকে পিছিয়ে ফেললে আমি আমার অস্তিত্বকে হারিয়ে ফেলবো।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, একাত্তর আমাদের নতুন দেশ দিয়েছে ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে অনেক সুযোগ করে দিয়েছে, আমাদেরকে বেঁচে থাকার, সামনে এগিয়ে যাবার ও আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যত দেওয়ার। এটা কিন্তু খুব জরুরি।
তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী ওই একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না। একাত্তর হচ্ছে, আমাদের মূল অস্তিত্ব। এটাকে নিয়েই এগিয়ে যেতে হবে।
এ সময় তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে। যেগুলোর কারণে আমাদের সিদ্ধান্ত নিতে সমস্যা হতে পারে।