
ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান উপদেষ্টার কাছ থেকে শিগগিরই আনুষ্ঠানিক চিঠি পাওয়া যাবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এছাড়া ভোটের তারিখের দুইমাস আগে তফসিল ঘোষণা করে হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে নাসির উদ্দিন বলেন, “দ্রুত চিঠি পেয়ে যাব বলে আশা করছি। না পেলেও আমরা আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচনের নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও আমাদের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে। ভোটের যে তারিখ ঠিক হবে তার দুমাস আগে তফসিল ঘোষণা করা হবে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে কথা বলেছেন।
তিনি বলেন, “আজ এই মহান দিবসে আপনাদের সামনে এ বক্তব্য রাখার পর থেকেই আমরা আমাদের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।”
গত জুন মাসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজন করার কথা বলেছিলেন প্রধান উপদেষ্টা। তবে ১৩ জুন লন্ডনে তারেক রহমানের সঙ্গে তার বৈঠকের পর এক ‘যৌথ ঘোষণায়’ বলা হয়, সব প্রস্তুতি শেষ হলে ফেব্রুয়ারিতে রোজার আগেই নির্বাচন হতে পারে। আস্থা অর্জনকেই বড় চ্যালেঞ্জ বর্ণনা করে সিইসি বলেন, “শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী কয়েক মাসে পরিস্থিতির আরো উন্নতি হবে। আয়নার মত স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই।”
ভোটে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অপব্যবহার রোধ করার বিষয়টিও ইসির সামনে আরেকটি চ্যালেঞ্জ বলে জানিয়েছেন সিইসি। তিনি বলেন, “ভোটারদের কেন্দ্রে উপস্থিতি বাড়ানো বড় চ্যালেঞ্জ। আমরা নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে চাই। যেন উৎসবমুখর পরিবেশে ভোট হয়।”
এদিকে নির্বাচন সামনে রেখে আগামী সেপ্টেম্বরের মধ্যে ভোটের প্রয়োজনীয় কেনাকাট সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)।ভোট আয়োজন করতে সুঁই-সুতা ও মোমবাতি থেকে শুরু করে অনেক সামগ্রী কিনতে হবে নির্বাচন কমিশনকে।
সার্বিক অগ্রগতি তুলে ধরে ইসি সচিব আখতার আহমেদ বলেছিলেন, “৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের নির্বাচনী সরঞ্জাম কেনাকাটা শেষ হবে। লোকাল পারসেজ প্রকিউরমেন্টে আটটি আইটেম ছিল। তার ভেতরে একটিতে পুনরায় দরপত্র দিতে হয়েছে। আমার বিশ্বাস, আমাদের যে সময়সীমা রয়েছে, তার মধ্যে পাওয়া যাবে।”
পূর্বকোণ/আরআর/পারভেজ