চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

২০টি ফায়ার স্টেশন ও ৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২০ | ৪:০৩ অপরাহ্ণ

ফায়ার সার্ভিসের নবনির্মিত ২০টি স্টেশন, ৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস, কেন্দ্রীয় করাগারে নারীদের জন্য একটি ভবন ও একটি এলপিজি স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

রাজধানীর গুলিস্তানের আলাউদ্দিন রোডস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরে আজ রবিবার (২৭ ডিসেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি অংশ নিয়ে এগুলোর উদ্বোধন করেন।

উদ্বোধন করা আঞ্চলিক পাসপোর্ট অফিসগুলো সুনামগঞ্জ, শরীয়তপুর, বাগেরহাট, মাদারীপুর, নেত্রকোনা ও নারায়ণগঞ্জে অবস্থিত।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন ২০টি সহ বর্তমানে ৪৫৬ টি ফায়ার সার্ভিস স্টেশন জনসেবায় কাজ করছে। এছাড়া ২০তলা পর্যন্ত অগ্নিনির্বাপণের সক্ষমতা রয়েছে ফায়ার সার্ভিসের। পাশাপাশি জনবল বাড়াতেও কাজ করে যাচ্ছে সরকার।’

উদ্বোধন করা ফায়ার সার্ভিস স্টেশনগুলো হচ্ছে—নওগাঁর রানীনগর, মৌলভীবাজারের রাজনগর, রাজশাহীর মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, পাবনার সাথিয়া ও আটঘরিয়া, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, শরীয়তপুরের জাজিরা, কিশোরগঞ্জের করিমগঞ্জ, বগুড়ার শাহজাহানপুর ও আদমদীঘি, জয়পুরহাটের ক্ষেতলাল, সাতক্ষীরার আশাশুনি ও কলারোয়া, নেত্রকোনার বারহাট্টা, বরিশালের হিজলা, মানিকগঞ্জের হরিরামপুর, পিরোজপুরের ইন্দুরকানী, চট্টগ্রামের সন্দ্বীপ ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয়স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট শামসুল হক টুকু এমপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, কারামহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মমিনুর রহমান মামুন, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুবব চৌধুরীসহ সংশ্লিষ্ট অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট