
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় রোদ পোহানোর সময় আন্তঃনগর ট্রেন হাওর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে চমু শেখ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।
রবিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের খাগড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চমু শেখ একই এলাকার বাসিন্দা এবং তিনি কানে কম শুনতেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চমু শেখ বাড়ির কাছে রেল লাইনে রোদ পোহাতে ছিলেন। মোহনগঞ্জ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন নেত্রকোনা থেকে ছেড়ে শ্যামগঞ্জ রেল স্টেশন দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে হিরনপুর (আন্তঃনগর ট্রেনের বিরতিহীন স্টেশন) অতিক্রম করে খাগড়িয়া এলাকায় পৌঁছায়। সেখানে পৌঁছানের আগে হুইসেল দিলেও বৃদ্ধ চমু শেখ কানে কম শুনেন বলে ট্রেনের হুইসেল শুনতে পারেন নি। ফলে কাটা পড়েন। এতে বৃদ্ধের নাভির নিচ থেকে দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. মাজহারুল হক জানান, খবর পাওয়ার সাথে সাথে রেলওয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
পূর্বকোণ/এএ